
কক্সবাজারে অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সৈয়দ আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালায় সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা একটি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সৈয়দ আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৈয়দ আলম কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেছুয়াপালং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুস শুক্কুর এবং মায়ের নাম নুরজাহান।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তারের পর সৈয়দ আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।